বিইউপির তিন ভবন উদ্বোধন: নৈতিকতা ও সততায় গুরুত্ব দিলেন সেনাপ্রধান

সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গঠনের ওপর গুরুত্ব সেনাপ্রধানের
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৩০ আগস্ট) মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ভবন তিনটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্যে সেনাপ্রধান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য নিহিত।
তিনি আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে বিইউপির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিইউপির সাবেক উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিইউপি পশ্চিম ক্যাম্পাসের নবনির্মিত তিনটি ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।






