চারঘাটে হেরোইন ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিযানে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে চারঘাট থানার শিশাতলা তেল পাম্পের পেছনে সুপার ইটভাটার সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) এবং একই থানার আচুয়াভাটা গ্রামের মোঃ তসলিম আলীর ছেলে মোঃ ইমন হোসেন (২১)।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শিশাতলা তেল পাম্পের পেছনে দুই ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলসহ অবস্থান করছে।

পরে রাত ১১টা ১৫ মিনিটের দিকে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে ইমন হোসেনের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে দুটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইন ও জব্দ করা মোটরসাইকেলের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।