নেপাল বিপর্যয়ে শত শত নিখোঁজ, বাংলাদেশিদের নিয়ে স্বস্তির খবর

৩০টির বেশি দেশের নাগরিক নিখোঁজ; কৈলাস-মানস সরোবর রুটে বিপর্যয়, পোখরা-কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশিরাও নিরাপদে ফিরেছেন।

টুইট ডেস্ক: নেপালে সাম্প্রতিক দুর্যোগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক নিহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। নেপালে অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের অধিকাংশই নিরাপদে আছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু।

দূতাবাসের কাউন্সিলর মো. শোয়েব আবদুল্লাহ জানান, দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মূলত কৈলাস-মানস সরোবরগামী রুটে। বাংলাদেশি পর্যটকরা সাধারণত এসব এলাকায় যান না। ফলে বাংলাদেশিদের ঝুঁকিও তুলনামূলক কম।

তিনি জানান, কাঠমান্ডু, পোখরা ও নাগারকোটসহ প্রধান পর্যটন এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে কয়েকজন বাংলাদেশি পর্যটক সাময়িকভাবে আটকে পড়েছিলেন। পরে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

এদিকে নিখোঁজদের তালিকায় ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডাসহ ৩০টির বেশি দেশের নাগরিকের নাম রয়েছে। তবে এখন পর্যন্ত ওই তালিকায় বাংলাদেশের কোনো নাগরিকের নাম নেই।

দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছে।