বিএনপির মিডিয়া সেল থেকে তানিম সুফিয়ানীকে অব্যাহতি

টুইট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য প্রকাশ্যে আসার পর বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার তানিম সুফিয়ানীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ আগস্ট ২০২৬ থেকে তানিম সুফিয়ানী বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অব্যাহতির পর বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তানিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো বিভিন্ন পোস্টে তার বিএনপি ও দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবি প্রকাশের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। এরপরই তাকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হলো।






