নভেম্বরে রাজশাহীতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

২১ থেকে ২৭ নভেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখ, অংশ নেবে দেশের সেরা দল

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং রাজশাহীতে ভলিবল খেলাকে নতুন করে জনপ্রিয় করে তুলতে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’।

আগামী ২১ থেকে ২৭ নভেম্বর টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে দেশের শীর্ষস্থানীয় দলগুলো অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল এবং রাজশাহী বিভাগ লিগের চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণের কথা রয়েছে।

নারী ভলিবলের প্রসারেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে রাজশাহী জেলা নারী ভলিবল দল ও বাংলাদেশ চ্যাম্পিয়ন পুলিশ নারী ভলিবল দলের মধ্যে একটি বিশেষ প্রদর্শনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ভূমিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জুয়া ও নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ ক্রীড়ামুখী সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীতে ভলিবলসহ অন্যান্য খেলাধুলার বিকাশে সিটি করপোরেশনের উদ্যোগে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।

টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ কারিগরি কমিটি ও অর্থ কমিটি গঠন করা হবে। আয়োজকদের প্রাথমিক হিসাবে টুর্নামেন্টের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২ থেকে ১৪ লাখ টাকা। নিজেদের তহবিল ও করপোরেট পৃষ্ঠপোষকতার মাধ্যমে এ অর্থের সংস্থান করা হবে। সাধারণ মানুষের কাছ থেকে কোনো ধরনের চাঁদা বা অনুদান নেওয়া হবে না বলে সভায় জানানো হয়।

প্রস্তুতি সভায় বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবীর, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, প্রশিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিকে ধারণ করে এই আয়োজন রাজশাহীর ক্রীড়াঙ্গনে নতুন গতি সৃষ্টির পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।