জেলা প্রশাসক গোল্ডকাপে রাসিক দলের জার্সি উন্মোচন

জেলা প্রশাসক গোল্ডকাপে রাসিক দলের নেতৃত্ব দেবেন নেহাল, টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১০ দল
টুইট ডেস্ক: শনিবার থেকে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) দলের জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাসিক দলের জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। একই অনুষ্ঠানে তিনি রাজশাহী সিটি কর্পোরেশন দলের অধিনায়ক হিসেবে নেহালের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণের আহ্বান জানান এবং দলের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশন টিম কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, দলের কোচ শ্যামল পারভেজ শিমুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর আয়োজনে এবারের টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে।






