সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন; ২০১৯ সালে স্ট্রোকের পর অসুস্থতায় ভুগছিলেন

টুইট ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটের দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তার দীর্ঘদিনের পেশাগত ও গবেষণামূলক কাজের অভিজ্ঞতা ছিল। ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়েও প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে জানানো হতে পারে। এদিকে স্বামীর মৃত্যুর পর দীপু মনির প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।