কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

ফ্রি স্কুল স্ট্রিটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড; দগ্ধ অবস্থায় উদ্ধার আরও ১৫ জন, পলাতক মালিক

টুইট ডেস্ক: কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে ফ্রি স্কুল স্ট্রিটের শিখাইল নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডের পর হোটেল থেকে দগ্ধ অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে বলে জানা গেছে।

তবে কীভাবে হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানোর পাশাপাশি তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।

ভয়াবহ এ ঘটনায় কলকাতায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিহত ও আহতদের পরিচয় এবং তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।