ডজনে ১০ টাকা কমেছে ডিম, অপরিবর্তিত মাছ-মাংসের দাম

রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে, তবে মাছের দামে চলছে ওঠানামা
টুইট ডেস্ক: রাজধানীর বাজারে মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন নেই। তবে গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম ১০ টাকা কমেছে। একই সঙ্গে ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। মাছের দাম অবশ্য বাজারভেদে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত ওঠানামা করছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। গত সপ্তাহে একই পরিমাণ ডিমের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম কমেছে প্রায় ১০ থেকে ১৫ টাকা।
মাছের বাজারে অবশ্য তেমন স্বস্তি নেই। কোনো কোনো মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে, আবার কিছু মাছের দাম ১০ থেকে ২০ টাকা কমেছে।
বর্তমানে পাঙাশ মাছ প্রতি কেজি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। মানভেদে চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের ২০০ টাকা থেকে কমে বর্তমানে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি হয়েছে। সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পাঙাশ মাছ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, আগে পাঙাশ ১৮০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ২০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তেলাপিয়ার দামও কয়েক মাসের ব্যবধানে বেড়ে ২৬০ টাকা হয়েছে।
রায়ের বাজারের মুরগি বিক্রেতা আনিস আহমেদ বলেন, গত সপ্তাহের তুলনায় এবার মুরগির দাম কিছুটা কমেছে। বর্তমানে ব্রয়লার ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। সোনালি মুরগির দাম আগের মতোই রয়েছে।
মাছ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, মাছের দাম মোটামুটি আগের মতোই আছে। তবে মাছের দাম প্রতিনিয়ত ওঠানামা করে। সকালে এক দাম থাকলেও বিকেলে আবার দাম পরিবর্তন হতে পারে।






