রাজশাহীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৭ জন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ। এ সময় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটের পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত ১০টার দিকে চন্দ্রিমা থানা-পুলিশ শিরোইল কলোনি এলাকায় অভিযান চালিয়ে তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয় (২১)-কে গ্রেপ্তার করে। পরে তসলিমের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা সাতটি ইয়াবা ও মাদক বিক্রির ৯১ হাজার টাকা জব্দ করা হয়। নিলয়ের কাছ থেকে আরও দুটি ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। নিলয়ের বিরুদ্ধেও চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা ও রাজশাহীর সিএমএম আদালতে একটি নন-জিআর মামলা রয়েছে।
একই দিন বেলা পৌনে তিনটার দিকে চন্দ্রিমা থানা-পুলিশ হাজরাপুকুর নিউ কলোনি এলাকায় শ্যামলী বেগম (৪৪)-এর বাড়িতে অভিযান চালায়। এ সময় শ্যামলী ও তাঁর সহযোগী রাহুল ইসলাম ওরফে মুন্না (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৮টি ইয়াবা ও মাদক বিক্রির ২২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল দীর্ঘদিন ধরে শ্যামলীর সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন। শ্যামলীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পেনাল কোডে দুটি ও Negotiable Instruments Act, 1881-এ একটি মামলা রয়েছে। রাহুলের বিরুদ্ধেও রাজশাহী রেলওয়ে থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে।
এদিকে, একই দিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে পবা থানা-পুলিশ হাটগোদাগাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাইনুল ইসলাম রনি (৩৮)-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ছয়টি ট্যাপেন্টাডল ও তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে পবা থানায় একটি মাদক মামলা রয়েছে।
রাত আনুমানিক আটটার দিকে রাজপাড়া থানা-পুলিশ দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান ইসলাম অনন্ত ওরফে সোহান (২০)-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া গত ১১ আগস্ট রাত সোয়া ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল সাত্তার (৩৮)-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






