বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ সব শপিংমল

সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিজ্ঞাপন বন্ধ, পুরোপুরি বন্ধ থাকবে আলোকসজ্জা

টুইট ডেস্ক: বিদ্যুৎ সংকট মোকাবিলা ও সাশ্রয়ের লক্ষ্যে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিজ্ঞাপনচিত্র বন্ধ এবং আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সময়সীমা এক ঘণ্টা কমানো হলো।

একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান নতুন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থাগুলোকে নির্দেশনার বিষয়ে অবহিত করা হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ের এ উদ্যোগের ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে রাতের বিদ্যুৎ ব্যবহার কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও বিজ্ঞাপনচিত্রের বিদ্যুৎ ব্যবহারও কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।