শিশু সুরক্ষা ও সেবার মানোন্নয়নে রাজশাহীতে সমন্বয় সভা

কাশিয়াডাঙ্গা থানায় শিশুবান্ধব পৃথক কক্ষ, পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ ও চাইল্ড হেল্প ডেস্কে জরুরি চিকিৎসাসামগ্রী নিশ্চিতের সিদ্ধান্ত।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু সুরক্ষা ও চাইল্ড হেল্প ডেস্কের সেবার মানোন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ সভায় শিশু সুরক্ষা, আইনি সহায়তা এবং চাইল্ড হেল্প ডেস্কের সেবার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। পাশাপাশি শিশুদের জন্য আরও নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা এবং বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপপুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কাশিয়াডাঙ্গা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শামিমা নাসরিন এবং রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুনজরুল কদির। সভায় আরও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরহাদ আলী।

সভায় সভাপতিত্ব করেন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস টিসিম।

সভায় সরকারি কর্মকর্তা, চাইল্ড হেল্প ডেস্কের সংশ্লিষ্ট কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ, শিশু ও যুব প্রতিনিধি এবং সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন কার্যকরী দলের সদস্যরা অংশ নেন।

সভায় পূর্ববর্তী তত্ত্বাবধানের ফলাফল উপস্থাপন করা হয়। পরে শিশু সুরক্ষা ও আইনি সেবার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চাইল্ড হেল্প ডেস্কে পৃথক শিশুবান্ধব কক্ষ

সভায় শিশু সুরক্ষা ও চাইল্ড হেল্প ডেস্কের সেবার মানোন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এর মধ্যে কাশিয়াডাঙ্গা থানায় চাইল্ড হেল্প ডেস্কের জন্য একটি পৃথক ও শিশুবান্ধব কক্ষ প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিশু ও কিশোর-কিশোরীদের প্রয়োজনীয় মানসিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জন্য মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়েও সিদ্ধান্ত হয়।

এ ছাড়া চাইল্ড হেল্প ডেস্কে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী হালনাগাদ ও পর্যাপ্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় চাইল্ড হেল্প ডেস্কের কার্যক্রম আরও কার্যকর ও শিশুবান্ধব করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, প্রয়োজনীয় সেবা ও উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, গৃহীত কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে শিশুদের জন্য আরও নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে চাইল্ড হেল্প ডেস্কের সেবার মান ও কার্যকারিতাও আরও উন্নত হবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে এবং সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন কার্যকরী দল, রাজশাহীর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।