দুর্গাপুরের বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক শহীদুল ইসলাম

থানা-স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, রোগীদের খোঁজখবর ও শিক্ষার্থীদের টিফিন বক্স বিতরণ।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। উপজেলা পরিষদে পৌঁছালে জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়, কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।
দুপুর ১টার দিকে দুর্গাপুরে পৌঁছে জেলা প্রশাসক প্রথমে দুর্গাপুর থানা পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
পরিদর্শনের একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফলজ গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে টিফিন বক্স বিতরণ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন উপজেলা পরিদর্শন করা হয়। মাসে বা ১৫ দিন পরপর এসব পরিদর্শনের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম সরেজমিনে দেখা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদেরও আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি ও সরকারি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে জেলা প্রশাসকের এ পরিদর্শন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসক সরকারি দপ্তরগুলোর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের উৎসাহিত করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







