আজ সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল

একযোগে ফল প্রকাশ, অনলাইন-এসএমএস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানার সুযোগ

টুইট ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। একই সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন। এরপর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নির্ধারিত অনলাইন মাধ্যমে, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানান, সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

দুটি অভিন্ন ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

খুদে বার্তায় যেভাবে ফল জানা যাবে

মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ফল জানতে বার্তার অপশনে গিয়ে প্রথমে ‘এসএসসি’ লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে বার্তার ধরন হবে‘এসএসসি ডিএইচএ রোল বছর’। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য ‘এসএসসি এমএডি রোল বছর’ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের জন্য‘এসএসসি টিইসি রোল বছর’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এ ছাড়া ১৬২২২ নম্বরেও খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে। প্রতিটি খুদে বার্তার জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এর মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।

দাখিল ও কারিগরি ফলও প্রকাশ

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলও আজ সকাল ১০টায় নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার ফলও একই সময়ে প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইটের অনলাইন সেবা অংশে গিয়ে ‘দাখিল পরীক্ষা ২০২৬’ নির্বাচন করেও ফল জানা যাবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী রয়েছে।

নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।

১১ আগস্ট থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন

ফল প্রকাশের পর আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পরীক্ষার্থীদের নির্ধারিত অনলাইন মাধ্যম, খুদে বার্তা অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে।