মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টুইট ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তিনি মাতারবাড়ী পৌঁছান।
এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী এ সফরে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।
সফরের শুরুতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গিয়ে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। পরে রাতেই ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে তার।






