আলীকদমে বাস গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত

আহত ১৩, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. হোসেন নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক, সুপারভাইজারসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে আলীকদম-চকরিয়া সড়কের তারাবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চকরিয়া থেকে যাত্রী নিয়ে আলীকদমের দিকে যাচ্ছিল মাতামুহুরী পরিবহনের একটি বাস। তারাবনিয়া এলাকায় পৌঁছালে বাসটির সামনের একটি চাকা লিক হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালক, সুপারভাইজার, হেলপারসহ ১৩ জন আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা, আলীকদম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। পরে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আলীকদম থানার উপপরিদর্শক উপন বড়ুয়া বলেন, গুরুতর আহত বাসের হেলপার মো. হোসেনকে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






