রাজশাহী মিশন স্কুলে ছাত্রীর মৃত্যু: পুলিশের তদন্তে আত্মহনন

সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যে প্রমাণ, পরিবার জানিয়েছিল আত্মহত্যার প্রবণতা; গুজবে পুলিশের সতর্কবার্তা।
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মিশন হাই স্কুলের এক অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য-ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহনন বলে ধারণা পাওয়া গেছে।
গততকাল (৬ আগস্ট) সকাল ১০:৫৭ মিনিটে স্কুল চলাকালীন সময়ে ঐ শিক্ষার্থী নিজেই সিঁড়ি বেয়ে ভবনের ষষ্ঠ তলায় উঠে সেখান থেকে লাফ দেন। নিচে পড়ার সময় গাছের ডালে বাড়ি লেগে তিনি মারা যান। শিক্ষার্থীর ভবনে ওঠা এবং নিচে পড়ে যাওয়ার সম্পূর্ণ ঘটনা সিসিটিভি ফুটেজে ধারণ রয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ কমিশনার ফয়েজুল কবির।
ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীর পিতা স্কুল কর্তৃপক্ষ ও পুলিশকে জানান যে, তার মেয়ে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং তার মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল। পরে ময়না তদন্ত ছাড়াই পরিবার লাশ নিয়ে যায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে হত্যা বলে প্রচার শুরু হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী বিষয়টি আত্মহনন বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কমিশনার ফয়েজুল কবির বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজশাহীর মিশন হাই স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও ও তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। এ ব্যাপারে মিথ্যা তথ্য পরিবেশন করে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।”
পুলিশ আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






