ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন, স্ত্রীসহ আইসিইউতে

বারিধারার সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
টুইট ডেস্ক: রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
পরে সকাল ৯টার দিকে ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, দুজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।






