রাজশাহীতে শুরু অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্যাম্প

২০২৮ যুব বিশ্বকাপের প্রস্তুতিতে ৩০ ক্রিকেটার নিয়ে শুরু হলো অনুশীলন

নিজস্ব প্রতিবেদক: ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের নতুন প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার ৬ আগস্ট থেকে শুরু হওয়া এ ক্যাম্পে অংশ নিচ্ছেন ৩০ জন ক্রিকেটার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন করে বয়সভিত্তিক দল গঠনের কার্যক্রম শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইয়ুথ ক্রিকেট লিগ শেষে প্রথমে খুলনায় ৪৫ ক্রিকেটারকে নিয়ে প্রাথমিক ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। এরপর দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকারকে।

নতুন কোচের অধীনে গত জুলাই মাসে বিকেএসপিতে ২১ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবার রাজশাহীতে শুরু হয়েছে নতুন ক্যাম্প।

এই ক্যাম্পে ক্রিকেটারদের ব্যাটিং বোলিং ও ফিল্ডিং দক্ষতা উন্নয়নের পাশাপাশি স্কিল ট্রেনিং ম্যাচ সিনারিও এবং ম্যাচ প্র্যাকটিসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতের আন্তর্জাতিক আসরের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য।

প্রধান কোচ হান্নান সরকারের সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন পেস বোলিং কোচ ডলার মাহমুদ ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম এবং মুরাদ খান।