ভারতের ভূমিকা জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় ক্ষোভ রাজনৈতিক উপদেষ্টার
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অসম্মান করেছে। তিনি বলেন আইন থাকা সত্ত্বেও একজন পলাতক আসামিকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান।
বৃহস্পতিবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন দণ্ডপ্রাপ্ত ও পলাতক একজন ব্যক্তিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের জনগণের অনুভূতিকে আঘাত করেছে। তিনি দাবি করেন এ ধরনের পদক্ষেপ জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।
তিনি আরও বলেন বাংলাদেশের জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব ও আইনের শাসনের প্রশ্নে কোনো ধরনের আপস করা উচিত নয়। পলাতক দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।






