স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো প্রায় ১০ হাজার টাকা

এক ভরিতে প্রায় ১০ হাজার টাকা বেড়ে নতুন দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
টুইট ডেস্ক: দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার ৬ আগস্ট সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণালঙ্কার ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে গত ৩১ জুলাই ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম এক লাফে প্রায় ১০ হাজার টাকা বেড়ে সর্বশেষ পর্যায়ে পৌঁছেছে।






