হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের সমঝোতা ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

চুক্তি হলেও মার্কিন নিষেধাজ্ঞা না উঠলে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না বলছে তেহরান

টুইট ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কয়েক দফা আলোচনার পর সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

তবে চুক্তি হলেও হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে তেহরান। ইরানের দাবি তাদের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ জলপথে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তিনি যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পক্ষে মত দিলেও হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেবেও উত্তেজনা বাড়ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে এবং এডেন উপসাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

হুথিদের ঘোষিত সামুদ্রিক অবরোধের পর এখন পর্যন্ত সৌদি আরবের অন্তত ১০টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুই জলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।