জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না: জামায়াত আমির

ত্যাগের স্বীকৃতি সংরক্ষণ ও জাতীয় ঐক্যের ওপর জোর

টুইট ডেস্ক: জুলাই আন্দোলনের যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ধরনের দমন-পীড়ন চালানো থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের গায়ে হাত দেওয়া উচিত নয়। তাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের ওপর কোনো ধরনের নির্যাতন হলে তা অনাকাঙ্ক্ষিত হবে।

তিনি আরও বলেন, আন্দোলনে আহত অনেকেই এখনো বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির সঙ্গে দেখা করেছেন বলেও জানান তিনি। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে কেউ কেউ আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না।

জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে যার যে অবদান রয়েছে, তা ইতিহাসে যথাযথভাবে সংরক্ষণ করা উচিত। তিনি দাবি করেন, দেশের ইতিহাসে মুক্তিযোদ্ধা ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনও তৈরি হয়নি। একইভাবে ২০২৪ সালের ঘটনাপ্রবাহও নিরপেক্ষভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন।

তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রস্তুত। তবে জনগণের অধিকার বিসর্জন দিয়ে কোনো সমঝোতা করা হবে না এবং কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।