আর্জেন্টাইন ক্লাবের জার্সিতেও বিতর্কিত ‘মালভিনাস’ স্লোগান

ফিফার তদন্ত চলাকালেই নতুন বিতর্কে আলমিরান্তে ব্রাউন

টুইট ডেস্ক: ফকল্যান্ডস দ্বীপপুঞ্জকে ঘিরে বিতর্কিত ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ স্লোগান এবার উঠে এসেছে একটি আর্জেন্টাইন ক্লাবের জার্সিতে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর একই স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় যখন আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চলছে, তখন দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন একই বার্তাসংবলিত নতুন জার্সি উন্মোচন করেছে।

রোববার রেসিং দে করদোবার বিপক্ষে ম্যাচ জয়ের পর খেলোয়াড়রা নতুন জার্সি প্রদর্শন করেন। জার্সিতে ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ অর্থাৎ ‘মালভিনাস আর্জেন্টিনার’—এই বিতর্কিত স্লোগান, যা সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলের উদযাপনেও দেখা গিয়েছিল।

ফকল্যান্ডস দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা ‘আইসলাস মালভিনাস’ নামে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। অন্যদিকে যুক্তরাজ্য ও আন্তর্জাতিকভাবে এটি ‘ফকল্যান্ডস’ নামেই পরিচিত। দ্বীপটির মালিকানা নিয়ে ১৯৮২ সালে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়, যেখানে উভয় পক্ষের ৯০০-এর বেশি মানুষ নিহত হন। শেষ পর্যন্ত দ্বীপটির নিয়ন্ত্রণ ধরে রাখে যুক্তরাজ্য।

সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলের কয়েকজন ফুটবলার ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর দর্শকদের দেওয়া ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা ব্যানার হাতে উদযাপন করেন। এরপর ইংল্যান্ড ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায়।

ফিফা জানিয়েছে, তাদের শৃঙ্খলা কমিটি ম্যাচ-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করছে এবং শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর মধ্যেই একই বার্তাসংবলিত জার্সি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছে আলমিরান্তে ব্রাউন। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাচের শুরুর একাদশের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘তারা আর্জেন্টাইন।’

ম্যাচের আগে ইনস্টাগ্রামেও ক্লাবটি জানায়, ‘আইসলাস মালভিনাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই বিশেষ জার্সি পরতে আমরা গর্বিত। রেসিং দে করদোবার বিপক্ষে ম্যাচেই প্রথমবার এটি ব্যবহার করা হবে।’

আর্জেন্টিনা জাতীয় দলের ব্যানার বিতর্কের পর এবার ক্লাব পর্যায়েও একই স্লোগান ব্যবহারে বিষয়টি নতুন করে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে।