পেরুতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কেউ বাঁচেননি
টুইট ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং দুইজন বিমানকর্মী ছিলেন। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যাওয়ায় কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেরুর পুলিশ জানিয়েছে, বিমানটি ইকা বিভাগের পিসকো এলাকা থেকে উড্ডয়ন করে নাজকা লাইনসের উদ্দেশে রওনা হয়েছিল। পথে অজ্ঞাত কারণে সেটি বিধ্বস্ত হয়।
পুলিশ কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানিয়েছেন, দুর্ঘটনায় ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর বিমানটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাজকা লাইনস পেরুর দক্ষিণাঞ্চলের উপকূলীয় মরুভূমিতে অবস্থিত বিশ্বের অন্যতম রহস্যময় প্রত্নস্থল। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। বিশাল আকৃতির এসব ভূচিত্র দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক সেখানে ভ্রমণ করেন।






