ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয়নি

প্রত্যর্পণের অনুরোধ আইন অনুযায়ী পর্যালোচনায়; লোকসভায় সংসদীয় কমিটির প্রতিবেদনে উঠে এলো ভারতের অবস্থান

টুইট ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সরকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের করা প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধও প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় উপস্থাপিত পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। ভারতীয় সংবাদমাধ্যম *টাইমস অব ইন্ডিয়া* এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার জানায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী পর্যালোচনা করছে। এ বিষয়ে অগ্রগতির তথ্য নিয়মিত কমিটিকে জানাতেও বলা হয়েছে।

কমিটি উল্লেখ করেছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে দেশটির মানবিক নীতি ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ঐতিহ্যের অংশ হিসেবে। তবে ভারত সরকার স্পষ্ট করেছে, তার অবস্থান কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ হিসেবে ব্যবহৃত হচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ কাউকেই দেওয়া হবে না এবং শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতেও মানবিক ও নীতিগত অবস্থান বজায় রেখে আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।