আরও বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম; নাকাল সাধারণ ক্রেতা

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে মাছের কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা, ডজনে ডিম ১৫৫ টাকা; সামুদ্রিক মাছ হাজার টাকার নিচে মিলছে না

টুইট ডেস্ক: রাজধানীর বাজারে চলতি সপ্তাহে আরও এক দফা বেড়েছে মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। বিশেষ করে মাছের বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে হাজার টাকার নিচে প্রায় কোনো মাছই মিলছে না। তবে গরুর মাংসের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছের কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বর্তমানে জীবিত পাঙাশ বিক্রি হচ্ছে ২৩০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা, রুই ৩০০-৪৫০ টাকা, মৃগেল ২৫০-৩০০ টাকা এবং পাবদা ৩৫০-৪০০ টাকায়। দেশি কই, টেংরা, শোল ও বাইম মাছের দামও চড়া।

সামুদ্রিক মাছের মধ্যে ইলিশের কেজি ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, রূপচাঁদা ১ হাজার ২০০-১ হাজার ৩০০ টাকা, লাল কোরাল ১ হাজার ২০০ টাকা পর্যন্ত এবং টুনা মাছ ৮৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

মাছের পাশাপাশি বেড়েছে ডিমের দামও। বর্তমানে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেশি।

অন্যদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০-১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।