গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

ইটপাটকেল নিক্ষেপে গাড়ি ভাঙচুর, পুলিশি নিরাপত্তায় নেতাদের কানাইঘাটে পাঠানো
টুইট ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ইটপাটকেল নিক্ষেপে বহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং একটি গাড়ির কাচ ভেঙে যায়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী ও পৌরসভা গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির অভিযোগ, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুবদল ও ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় এনসিপির গাড়িবহর চৌমুহনী এলাকায় পৌঁছালে কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন বলেও অভিযোগ করেন দলটির নেতারা।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনসিপির জেলা নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের কর্মসূচি বানচালের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, ঢিল নিক্ষেপে একটি গাড়ির কাচ ভেঙেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে পুলিশি নিরাপত্তায় কানাইঘাটের উদ্দেশে পাঠানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ এবং মৌলভীবাজারে পুলিশি বাধার ঘটনার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। পরে গোলাপগঞ্জে যাওয়ার পথে এ হামলার অভিযোগ ওঠে।






