থানচির সাঙ্গু নদীতে নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন উদ্ধার, নিখোঁজ ১

৩০ জুলাই পর্যন্ত থানচি-তিন্দুমুখ নৌপথ বন্ধ ঘোষণা

 

টুইট ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিজিবির তাৎক্ষণিক উদ্ধার অভিযানে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ১ জন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই শুক্রবার বিকেল ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর টেন্ডুমুখ ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে ৭ জন আরোহীসহ নৌকাটি ডুবে যায়।

ঘটনার সময় রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির টহলদল দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ৪ জন পর্যটক, নৌকার মাঝি ও ট্যুরিস্ট গাইডসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করে।

-নিখোঁজ পর্যটক:

নাম: মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)

ঠিকানা: ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকা

পিতা: মো. হেলাল উদ্দিন, মাতা: মোছা. দেলোয়ারা আক্তার

২৫ জুলাই শনিবার বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির ৪টি বিশেষ টহলদল, স্থানীয় জনপ্রতিনিধি, মাঝি, গাইড ও বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। উদ্ধার অভিযান জোরদার করতে থানচি ফায়ার সার্ভিসকে সম্পৃক্ত করা হয়েছে। ডুবুরি না থাকায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

-জেলা প্রশাসনের জরুরি গণবিজ্ঞপ্তী:-

নিরাপত্তার স্বার্থে *বান্দরবান জেলা প্রশাসন ২৫ জুলাই এক গণবিজ্ঞপ্তিতে জানায়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।