তানোরে ১৫০ ট্যাপেন্ডাডলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান; উদ্ধার হলো মাদক বিক্রির নগদ অর্থ, আদালতে পাঠানোর প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ রাজু আহাম্মেদ (৩৩) নামে পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
গ্রেপ্তার রাজু উপজেলার শংকরপুর গ্রামের সালামের ছেলে। তবে দীর্ঘদিন ধরে নিজ গ্রাম ছেড়ে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করে সেখান থেকেই মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের ব্রাহ্মণজয় গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। উপপরিদর্শক (এসআই) উৎপলের নেতৃত্বে এসআই নাঈম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা রাজুর শ্বশুর আকরামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
অভিযানকালে রাজুর কাছ থেকে ১৫০টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শংকরপুর গ্রামে বসবাসের সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা দায়ের হয়। পরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস শুরু করলেও গোপনে সেখান থেকেই মাদক কারবার অব্যাহত রাখেন।
তানোর থানা পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মাদক জব্দ করে রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মাদক নির্মূলে পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও তানোর থানা সূত্রে জানানো হয়েছে।






