ফাইনালের মারামারির ঘটনায় তদন্তে ফিফা, বড় শাস্তির মুখে আর্জেন্টিনা

তদন্তে ফিফা, শাস্তির শঙ্কায় আর্জেন্টিনার একাধিক খেলোয়াড়

টুইট ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আরও বড় দুঃসংবাদের মুখে পড়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্য বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন।

ফিফা জানিয়েছে, ঘটনার তদন্তে একজন শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক তদন্তকারী নিয়োগ করা হয়েছে। ম্যাচ রেফারির প্রতিবেদন, ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের ১০৬তম মিনিটের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ খেলোয়াড়দের উদযাপনের সময় দুই দলের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। পরে গাভির সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি।

এদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, নাহুয়েল মলিনা স্পেন অধিনায়ক রদ্রিকে আঘাত করেন। এছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালা**র বিরুদ্ধে স্পেনের দানি ওলমোকে ঘুষি মারার অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ চলাকালেও আর্জেন্টিনা বিপাকে পড়ে। নির্ধারিত সময়ের যোগ করা তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ফলে অতিরিক্ত সময়ের পুরোটা ১০ জন নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে।

ফিফা জানিয়েছে, তদন্ত শেষ করার জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে ম্যাচ নিষেধাজ্ঞা, অর্থদণ্ড বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আগামী সেপ্টেম্বর ও নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তদন্তের ফলাফলে শাস্তি এলে সেই ম্যাচগুলোতে কোচ লিওনেল স্কালোনিকে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই দল সাজাতে হতে পারে।