প্রয়োজনে দায়িত্ব পুনর্বণ্টন বা নতুন মুখ আনবেন প্রধানমন্ত্রী: উপদেষ্টা

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে করলে মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সরকারের ১৮০ দিন পূর্তির পরই এমন রদবদল হবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো সদস্য প্রত্যাশিতভাবে কাজ করতে না পারেন বলে প্রধানমন্ত্রী মনে করেন, তাহলে জনস্বার্থে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সে কারণে প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন। তবে সম্ভাব্য রদবদল সরকারের ১৮০ দিন পূর্তির পর হবে, নাকি আরও কিছু সময় লাগবে-এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য মোকাবিলায় আইনগত সহায়তা নিশ্চিত করতে একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের এখতিয়ার প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত।