পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ফায়ার সার্ভিস মহাপরিচালক

১৩৬ কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ সম্মাননা; দায়িত্বে নিষ্ঠা ও সামাজিক মাধ্যমে সচেতন থাকার নির্দেশনা

টুইট ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মহাপরিচালক বলেন, জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসের সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া এবং অপারেশনাল কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধস মোকাবিলায় সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই।

অনুষ্ঠানে প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত **১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর** হাতে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র এবং আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালককে আনুষ্ঠানিক অভিবাদন জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। পরে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

স্বাগত বক্তব্যে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও কর্মদক্ষতার প্রশংসা করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। পুরস্কারপ্রাপ্তদের পক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করে নেত্রকোনার উপসহকারী পরিচালক জাকির হোসেন এ সম্মাননা প্রবর্তনের জন্য মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অধিদপ্তরের প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।