টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত, তানজিদের অপরাজিত ৬৬ রানের নৈপুণ্য
টুইট ডেস্ক: জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ জিতে স্বস্তির হাসি ফিরিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে পরাজয়ের পর টানা দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
রোববার (১৯ জুলাই) হারারেতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪ উইকেটে জয় পায়। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
এর আগে টস জিতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি জিম্বাবুয়ের সংগ্রহকে লড়াই করার মতো অবস্থানে নেয়। ব্রায়ান বেনেট করেন ৪৭ রান।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন দুটি উইকেট নেন। এছাড়া মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন। দুটি গুরুত্বপূর্ণ রানআউটও জিম্বাবুয়ের ইনিংস থামাতে বড় ভূমিকা রাখে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারালেও তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের ৫৫ রানের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। ইমন ২৪ রান করে বিদায় নিলেও তানজিদ একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন।
অধিনায়ক তাওহীদ হৃদয় ২৪ এবং ইয়াসির আলী ১০ রান যোগ করেন। শেষদিকে কিছুটা চাপ তৈরি হলেও তানজিদ হাসান অপরাজিত ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। ৫৮ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৪টি ছক্কা হাঁকান। ১৯.৪ ওভারে মাহেদী হাসানের বাউন্ডারিতে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা দুটি করে উইকেট নেন।
টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের জন্য সফরের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই জয়ে সংক্ষিপ্ত সংস্করণে আত্মবিশ্বাস ফিরে পেল টাইগাররা।






