রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু

জেলা প্রশাসকের উদ্বোধন; ৮৩টি ডিলার পয়েন্টে বিক্রি হচ্ছে তেল, ডাল, চিনি ও সাবান। যুক্ত হবে ভর্তুকি মূল্যের চাল।
স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে জুলাই মাসের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে নগরীর চণ্ডিপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, চলতি জুলাই মাসে রাজশাহী মহানগরীসহ জেলার ৯টি উপজেলায় মোট ১ লাখ ৭৪ হাজার ৫৭টি কার্ডধারী পরিবার টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
তিনি জানান, মহানগরীতে ৩৬টি এবং জেলার বিভিন্ন উপজেলাসহ মোট ৮৩টি ডিলার পয়েন্ট থেকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যাতে সাধারণ মানুষ সহজেই নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় নিত্যপণ্য সংগ্রহ করতে পারেন।
এবারের টিসিবি প্যাকেজের মূল্য ৪৫৮ টাকা। এ প্যাকেজে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এবং দুটি সাবান। এর মধ্যে ২ লিটার সয়াবিন তেলের মূল্য ২০০ টাকা, ২ কেজি মসুর ডালের মূল্য ১২০ টাকা এবং ১ কেজি চিনির মূল্য ৭০ টাকা।
এ ছাড়া ৪৫ টাকা মূল্যের একটি গায়ে মাখা সাবান এবং ২৩ টাকা মূল্যের একটি কাপড় কাচা সাবান ক্রেতার ইচ্ছানুযায়ী নেওয়া যাবে। অর্থাৎ কেউ চাইলে সাবান কিনতে পারবেন, আবার না চাইলেও পণ্য গ্রহণে কোনো বাধ্যবাধকতা থাকবে না।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারি ভর্তুকির এই সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পৌঁছে যায়, সে জন্য মাঠ প্রশাসন নিয়মিত তদারকি ও মনিটরিং করছে।
টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, টিসিবি প্যাকেজে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বরাদ্দের ব্যবস্থা থাকলেও জুলাই মাসে চালের বরাদ্দ পাওয়া যায়নি। তবে আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যেই পণ্য বিক্রি নিশ্চিত করতে ডিলারদের সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।






