রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান। BAAV-এর আয়োজনে নগর ভবনে সচেতনতামূলক সেমিনার; প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ।

স্টাফ রিপোর্টার, রাজশাহী: বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স (BAAV)-এর উদ্যোগে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই, ২০২৬) সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে টুইটনিউজ২৪.কম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, “বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও বাস্তুতন্ত্রের অপরিহার্য অংশ। প্রকৃতির ভারসাম্য রক্ষা, খাদ্যশৃঙ্খল সচল রাখা এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বন্যপ্রাণী সংরক্ষণের বিকল্প নেই। তাই এটি শুধু সরকারের দায়িত্ব নয়, বরং আমাদের প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

তিনি আরও জানান, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে নতুন পশুপাখি সংযোজনের মাধ্যমে আগের ঐতিহ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটিকে সাফারি পার্কের আদলে উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি নগরজুড়ে সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বনায়ন কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করে তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির এবং রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।

বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স (BAAV)-এর প্রধান নির্বাহী ও পরিচালক গোলাম মুহীউদ্দীন হামীম বলেন, “বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষা শুধু সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, প্রতিটি মানুষ বন্যপ্রাণীর প্রতি সহানুভূতিশীল হোক এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখুক। এই সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

তি‌নি ব‌লেন, টুইটনিউজ২৪.কম, ‘সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ’ এবং মন্ডল ব্রাদার্স গ্রুপের সহযোগিতায় আমাদের এই উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।”

সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, পরিবেশকর্মী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় রাজশাহী অঞ্চলে জলাভূমিভিত্তিক প্রাণী অভয়ারণ্য প্রতিষ্ঠা, চিড়িয়াখানা ও উদ্যানের উন্নয়ন এবং সবুজায়নের চলমান উদ্যোগগুলোর বিষয়ও গুরুত্বের সঙ্গে উঠে আসে। অংশগ্রহণকারীরা মনে করেন, জনসম্পৃক্ততা বাড়ানো এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব।

সেমিনার শেষে অংশগ্রহণকারীরা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানো হবে।