মার্কিন যুক্তরাষ্ট্রে দাবানলের ধোঁয়া: কানাডাকে দায়ী করে শুল্ক বৃদ্ধির হুমকি ট্রাম্পের

ধোঁয়ার কারণে ১৮ রাজ্যে সতর্কতা, ঝুঁকিতে ১০ কোটি মানুষ । পরিবেশ দূষণের খেসারত দিতে হবে শুল্ক।ট্রাম্পের হুমকিতে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল (মিডওয়েস্ট) এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর আকাশজুড়ে ঘন কুয়াশার মতো ছেয়ে থাকা কানাডার দাবানলের ধোঁয়ার জন্য সরাসরি কানাডাকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

একই সঙ্গে এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলার ঘোষণা দিয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, এই দূষণের ক্ষতিপূরণ হিসেবে কানাডার ওপর চলমান শুল্কের হার আরও বাড়ানো হতে পারে।

​প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়েছেন, কানাডার এই দাবানলের ধোঁয়া মার্কিন নাগরিকদের স্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তিনি বলেন, “এই দূষণের যে বিপুল ব্যয় বা ক্ষতি হচ্ছে, তা কানাডার ওপর ইতিমধ্যে আরোপিত শুল্কের সাথে যুক্ত করা হতে পারে।”

​এদিকে কানাডা থেকে ভেসে আসা এই বিষাক্ত ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিশাল অঞ্চলজুড়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। দেশটির ১৮টি অঙ্গরাজ্য এবং রাজধানী ওয়াশিংটন ডিসি (ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া) সহ বিস্তীর্ণ এলাকার প্রায় ১০ কোটি মানুষের জন্য ‘বায়ুমান সতর্কতা’ (Air Quality Alert) জারি করা হয়েছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

​সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকটের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পর কানাডা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।