কুসংস্কারের কারণে ফাইনালে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

লাকি রুটিন ভাঙতে নারাজ হাভিয়ের মিলেই; বাসভবন থেকেই দেখবেন আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ইতিহাস গড়ার মঞ্চে নামছে আর্জেন্টিনা। তবে শিরোপা নির্ধারণী এই মহারণে মাঠে উপস্থিত থাকবেন না দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। অদ্ভুত এক কুসংস্কার বা ‘লাকি রুটিন’-এর কারণে তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে না গিয়ে নিজের সরকারি বাসভবন থেকেই ফাইনাল দেখার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী রোববার (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু টুর্নামেন্টজুড়ে যেমনটি করেছেন, ফাইনালেও ঠিক একইভাবে অলিভোসে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকেই খেলা দেখবেন মিলেই।
স্থানীয় রেডিও এল অবজারভাদর-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “কোনোভাবেই না। আমি সব ম্যাচের মতো এবারও বাসভবন থেকেই খেলা দেখব।
মিলেই জানান, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটি তেল কোম্পানির লোগোযুক্ত জ্যাকেট পরে খেলা দেখছিলেন। গরম লাগায় জ্যাকেটটি খুলে ফেলতেই আর্জেন্টিনা গোল হজম করে। পরে আবার জ্যাকেটটি পরার পর দল ঘুরে দাঁড়ায়। সেই থেকে তিনি বিশ্বাস করেন, ওই জ্যাকেটই তাঁর জন্য ‘সৌভাগ্যের প্রতীক’। তাই ফাইনালেও একই রুটিন বজায় রাখবেন।
আর্জেন্টিনায় এই ধরনের কুসংস্কারকে কাবালা নামে ডাকা হয়। দেশটির বহু সমর্থক বিশ্বাস করেন, দল জিততে থাকলে একই পোশাক পরা, একই জায়গায় বসে খেলা দেখা কিংবা একই অভ্যাস ধরে রাখা সৌভাগ্য বয়ে আনে। কেউ পুরো টুর্নামেন্টে নিজের জার্সি ধোয়া থেকে বিরত থাকেন, আবার কেউ প্রতিটি ম্যাচ একই আসনে বসেই উপভোগ করেন।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এ ধরনের বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত। এমনকি প্রতিপক্ষের খেলোয়াড়দের ছবি ফ্রিজে রাখা বা নির্দিষ্ট ধর্মীয় আচার অনুসরণ করার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আর্জেন্টিনার প্রেসিডেন্টদের মধ্যেও বিশ্বকাপে জাতীয় দলের ম্যাচ মাঠে গিয়ে না দেখার একটি দীর্ঘদিনের অলিখিত রীতি রয়েছে। ১৯৯০ বিশ্বকাপে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম উদ্বোধনী ম্যাচের আগে দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এরপর ক্যামেরুনের কাছে আর্জেন্টিনার অপ্রত্যাশিত পরাজয়ের পর অনেকেই তাঁকে ‘অমঙ্গল বয়ে আনা ব্যক্তি’ বলে অভিহিত করেন। সেই ঘটনার পর থেকে দায়িত্বে থাকা কোনো আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাতীয় দলের বিশ্বকাপ ম্যাচে মাঠে উপস্থিত হওয়ার নজির খুব একটা দেখা যায়নি।
এবারও সেই প্রচলিত বিশ্বাসের ধারাবাহিকতা বজায় রাখছেন হাভিয়ের মিলেই। তাঁর আশা, নিজের ‘লাকি রুটিন’ অক্ষুণ্ন থাকলে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে সক্ষম হবে।






