দুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে রাজশাহীর বাগমারা উপজেলার শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।

সোমবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরে স্বাভাবিক ডাকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ আন্দোলন দেশের অন্যান্য জেলার মতোই জাতীয় কর্মসূচির অংশ।

বৃহস্পতিবার বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয় বাগমারা ডাকঘর কর্মকর্তা কর্মচারীগণ। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

ধর্মঘটকারীরা জানান, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘরের প্রায় ২৩ হাজার কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত স্বল্প বেতন-ভাতায় দায়িত্ব পালন করে আসছেন। তাদের দাবি, বর্তমান বেতন দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। তাই তারা (১) বর্তমান বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং (২) বিভাগীয় কর্মচারী হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

আন্দোলনকারীরা আরও বলেন, তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বাগমারা উপজেলা শাখা ডাকঘরের কর্মচারীরা বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে বাগমারার ডাকঘর কর্মচারীরা উপস্থিত ছিলেন।