সাইবার অপরাধ মোকাবেলা ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের বিকল্প নেই: আইজিপি

সাইবার অপরাধ দমনে প্রযুক্তির ওপর জোর আইজিপির। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিক জ্ঞান অর্জনের আহ্বান।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪২তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এই কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।
প্যারেড পরিদর্শন শেষে আইজিপি আলী হোসেন ফকির বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমান।
শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটবৃন্দ
এক বছর মেয়াদি এই কঠোর প্রশিক্ষণে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন—
বেস্ট ক্যাডেট: শাহরিয়ার হাসান সিজানবেস্ট একাডেমিক: সাইফুল ইসলামবেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ: তৌকির আহমেদবেস্ট সুইমার: আশরাফুল ইসলামবেস্ট শুটার: কামরান শেখ
অপরাধ মোকাবেলায় প্রযুক্তির ওপর জোর:
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আইজিপি আলী হোসেন ফকির বলেন,
”সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ মোকাবেলায় দক্ষতার বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে এবং প্রতিনিয়ত নিজেদের আপডেট রাখতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল ফরেনসিকের মতো বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।”
সততা ও মানবিকতার আহ্বান
আইজিপি আরও বলেন, সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, সর্বস্তরের নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পুলিশ সদস্যদের আচরণের মাধ্যমেই প্রতিনিয়ত তার প্রমাণ দিতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এই ৫০০ জন ক্যাডেট এসআই সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেছিলেন। আজকের সমাপনী কুচকাওয়াজ ও মৌলিক প্রশিক্ষণ শেষে এবার তারা মাঠপর্যায়ে দুই বছরের বাস্তব প্রশিক্ষণের (Probation) জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।







