প্রতি শিক্ষার্থীর বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত হওয়ার বার্তা
টুইট ডেস্ক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত **‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’** প্রদান অনুষ্ঠান শেষে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের স্কুল পর্যায়ে ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপ শেষে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়।
এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ব্যক্তি পর্যায়ে ১৫টি বিভাগে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি বিভাগে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত সেরাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশজুড়ে সবুজায়ন কর্মসূচিকে আরও গতিশীল করবে।






