রাজশাহীতে শ্রমিক দ্বন্দ্বের জেরে আকস্মিক বাস ধর্মঘট: ভোগান্তিতে যাত্রীরা

আকস্মিক বাস ধর্মঘটে দিনভর চরম ভোগান্তিতে যাত্রীরা। রাজশাহীতে বাস ধর্মঘট: প্রশাসনের সমঝোতা বৈঠকেও মেলেনি সমাধান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে আকস্মিক বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাত আটটা থেকে রাজশাহী থেকে আন্তজেলা এবং আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দূরপাল্লাসহ সব রুটের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। কোনো পূর্বঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ফ্লাইট মিস হওয়ার ঝুঁকিতে বিদেশগামী যাত্রী

মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে কথা হয় চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা সেলিম খানের সাথে। আগামীকাল বুধবার সকাল ১০টায় তাঁর সৌদি আরব যাওয়ার ফ্লাইট। চাঁপাইনবাবগঞ্জ থেকে অটোরিকশায় রাজশাহী এলেও এখান থেকে ঢাকার কোনো বাস পাচ্ছেন না তিনি। সেলিম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের মধ্যে ঢাকায় পৌঁছাতে না পারলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। এখন কী করব বুঝতে পারছি না।”

একই দুর্ভোগ দেখা গেছে নগরের ভদ্রা এলাকায়। গোদাগাড়ীর বিধান সাহা মেয়ে ও নাতিকে নিয়ে রংপুর যাওয়ার জন্য ব্যাগপত্র ও জ্যান্ত রাজহাঁস নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন। বাস না পেয়ে তাঁর মতো শত শত যাত্রী টার্মিনালে আটকা পড়েছেন।

শ্রমিক নেতা মামিনুল ইসলাম জানান, গত ৫ আগস্টের পর সংগঠনের শীর্ষ নেতারা আত্মগোপনে থাকায় এক পক্ষ কার্যালয় দখলের চেষ্টা করছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী কমিটি গঠনের সভায় মালিক পক্ষের একজনের নাম আসায় শ্রমিকেরা আপত্তি জানিয়ে সভা বর্জন করেন।

তিনি আরও বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী আগে সাধারণ সভা করতে হবে, তারপর নির্বাচন। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”

এদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (হেলাল) অভিযোগ করেন, বৈঠকের কথা-কাটাকাটির জেরে একদল শ্রমিক তাঁর চেম্বারে হামলা ও লুটপাট চালিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

সমঝোতার চেষ্টায় প্রশাসন, বৈঠক চলছে

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপরতা চালাচ্ছে। আজ বিকেলে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী জানান, ক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে সমঝোতার চেষ্টা করা হয়েছে, তবে তারা সময় চেয়ে চলে গেছেন।

সর্বশেষ খবর অনুযায়ী, সংকট নিরসনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে শ্রমিক নেতাদের নিয়ে একটি জরুরি বৈঠক চলছে। বৈঠক শেষ না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।