সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীদের মিছিল: শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে সায়েন্সল্যাব ছেড়ে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিসহ ৩ দফা দাবিতে রাজপথে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধের পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সায়েন্সল্যাব এলাকা ছেড়ে জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা শুরু করেছে তারা।

শিক্ষার্থীদের ঘোষিত ৩ দফা দাবিগুলো হলো- ১. আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। ২. গতকাল (১৩ জুলাই) যারা প্রতিকূল ও অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে এবং যারা অংশ নিতে পারেনি—তাদের সবার পরীক্ষা পুনরায় গ্রহণ করতে হবে। ৩. আগামীকাল ১৫ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করতে হবে।

সায়েন্সল্যাব থেকে সংসদ ভবন অভিমুখে যাত্রা

সরেজমিনে জানা যায়, আজ বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এতে চারপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সোয়া এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখার পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় ছেড়ে মিরপুর সড়ক ধরে সংসদ ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকে।

মিছিল থেকে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আগামীকাল ১৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের পক্ষে তীব্র স্লোগান দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, বিশাল মিছিলটি মিরপুর রোড ধরে জাতীয় সংসদ ভবনের অভিমুখে অগ্রসর হচ্ছিল। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।