শেখ হাসিনা ফিরলে স্বাগত জানাবে সরকার: তথ্য উপদেষ্টা

দেশে ফিরে আইনের মুখোমুখি হলে স্বচ্ছ বিচার নিশ্চিত হবে-সাপ্তাহিক ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। তিনি দেশে ফিরতে চাইলে সরকার তাকে স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার ১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শুরু থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানানো হয়েছে। তার ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরলে আইনের আওতায় এনে স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা দেশে ফিরে এলে বিচারিক প্রক্রিয়া আদালতের মাধ্যমেই পরিচালিত হবে। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি চাইলে দেশি-বিদেশি আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং বিচারপ্রক্রিয়া হবে উন্মুক্ত ও স্বচ্ছ।
তথ্য উপদেষ্টা আরও বলেন, আদালত যদি প্রমাণের ভিত্তিতে ভিন্ন কোনো সিদ্ধান্ত দেয়, সরকারও সেটি মেনে নেবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারসংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত নয়; আদালতের আদেশ বাস্তবায়ন করা নির্বাহী বিভাগের সাংবিধানিক দায়িত্ব। কেউ ওই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে আদালতেই তা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়ার প্রসঙ্গ উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশনা মেনে চলা এবং রাষ্ট্রের আইনের প্রতি সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব।






