রাজশাহীতে কসাইখানা নির্মাণ ও চিড়িয়াখানা আধুনিকায়নের উদ্যোগ

রাজশাহীতে আধুনিক কসাইখানা নির্মাণ ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং চিড়িয়াখানার আধুনিকায়নে গৃহীত উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ দুটি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি রাজশাহীর সার্বিক উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয় এবং রাসিকের বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং চিড়িয়াখানার আধুনিকায়নে গৃহীত উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ দুটি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি রাজশাহীর সার্বিক উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
তিনি বলেন, নিরাপদ মাংস নিশ্চিত করতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক পরীক্ষাগারের মাধ্যমে মান নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। এর ফলে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি কসাই ও মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন। পশুর কোনো অংশ অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনেও ব্যবহার করা হবে।
চিড়িয়াখানার আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী চিড়িয়াখানাকে আধুনিক করা জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং তিনি এ উদ্যোগে সম্মতি দিয়েছেন।
তিনি আরও বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনাসহ সব দিক থেকেই রাজশাহী একটি সমৃদ্ধ অঞ্চল। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের রপ্তানি বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। রাজশাহীকে আরও এগিয়ে নিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তাকে নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন এবং তিনি সেই দায়িত্ব পালনে উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই চিড়িয়াখানার আধুনিকায়ন এবং নতুন পশুপাখি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের পর তিনি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং সে প্রেক্ষিতে আজ রাজশাহী সফরে এসেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, বিভাগীয় পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ এবং মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমানসহ সংশ্লিষ্টরা।
রাসিকের সচিব মো. সোহেল রানার সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী সমিতির সদস্য এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন।
সভা শুরুর আগে বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তালাইমারি এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় রাসিক প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






