চীনের সঙ্গে বিনিয়োগ জোট গড়ল বাংলাদেশ

বিনিয়োগ জোরদারে চীনের সিসিপিআইটির সঙ্গে বিডার সমঝোতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ও চীনের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে চীনের রাষ্ট্রীয় বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)-এর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে এ ধরনের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর সরকারি সফরকালীন এই চুক্তিতে সিসিপিআইটির চেয়ারম্যান রেন হংবিন এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী স্বাক্ষর করেন।
সমঝোতার আওতায় দুই সংস্থা যৌথভাবে বিনিয়োগ প্রচার, ব্যবসায়িক সংযোগ স্থাপন, প্রতিনিধি দল বিনিময় এবং নীতিমালা ও বাজারসংক্রান্ত তথ্য বিনিময়ে কাজ করবে। এর মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং চীনা বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বিডা সূত্রে জানা যায়, সংস্থাটি চীনে তাদের প্রথম বিদেশি বিনিয়োগ কার্যালয় চালুর প্রস্তুতি নিচ্ছে। এ অংশীদারিত্ব সেই উদ্যোগকে আরও গতিশীল করবে এবং চীনা উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার সরাসরি সংযোগ স্থাপনে সহায়ক হবে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে এ ধরনের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশে টেকসই শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বাড়াতে সহায়ক হবে।






