ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী টুকু

সাফারি পার্কের আদলে আধুনিকায়নের পরিকল্পনা, গঠন হবে বিশেষজ্ঞ দল
রাজশাহী প্রতিনিধি: ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই চিড়িয়াখানা।
সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রতিমন্ত্রী বলেন, এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই চিড়িয়াখানা। কিন্তু বিগত সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এটিকে পুনরুদ্ধার করে আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ও রাসিক প্রশাসক চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
তিনি আরও জানান, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল শিগগিরই পরিদর্শনে আসবে এবং তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
চিড়িয়াখানার প্রাণীগুলোর বর্তমান অবস্থাও খতিয়ে দেখা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের অবস্থা কী—এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাসিক প্রশাসকের কাজের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। নগরীতে বৃক্ষরোপণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







