কখনো হাল না ছাড়া দল হিসেবেই স্মরণীয় হতে চায় আর্জেন্টিনা: স্কালোনি

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ট্রফির চেয়েও দলের মানসিকতার ওপর জোর আর্জেন্টাইন কোচের
টুইট ডেস্ক: বিশ্বকাপ জয়ের স্বপ্নের পাশাপাশি নিজেদের লড়াকু মানসিকতার জন্যও স্মরণীয় হয়ে থাকতে চায় আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে এমনই প্রত্যয়ের কথা জানালেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনাল। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তার কাছে শুধু শিরোপা নয়, দলের সংগ্রামী মনোভাবই সবচেয়ে বড় পরিচয়।
স্কালোনি বলেন, আমি চাই এই জাতীয় দলকে সবাই এমন একটি দল হিসেবে মনে রাখুক, যারা কখনো হাল ছাড়ে না। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়—আমরা সবাই এই ভালোবাসার জন্যই ফুটবল খেলি। কেবল জয়ের জন্য নয়, সমর্থকদের আবেগই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।
তিনি জানান, সম্প্রতি আর্জেন্টিনার এক ১০ বছর বয়সী সমর্থকের আবেগঘন ভিডিও তাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেই শিশুর ভালোবাসা তাকে নতুন করে উপলব্ধি করিয়েছে, ট্রফির চেয়েও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেওয়াই একটি দলের সবচেয়ে বড় অর্জন।
বিশ্বকাপের গ্রুপ পর্ব অনায়াসে পার করলেও নকআউটে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তবে প্রতিকূলতা জয় করেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে।
তবে সুইজারল্যান্ডকে মোটেও হালকাভাবে দেখছেন না স্কালোনি। অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকার নেতৃত্বে সুইসরা যে কঠিন প্রতিপক্ষ, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
আর্জেন্টাইন কোচের ভাষায়, বিশ্বকাপে সুইজারল্যান্ডের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তাদের দলে শারীরিকভাবে শক্তিশালী ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা কলম্বিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে এসেছে। তাই এই ম্যাচ আমাদের জন্য কঠিন পরীক্ষাই হতে যাচ্ছে।
টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার সুযোগ এখন স্কালোনির দলের সামনে।






