২২ বছর পর গৌরনদীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান; ২০০৩ সালের সফরের স্মৃতি ঘিরে এলাকায় উৎসাহ

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (১৩ জুলাই) বরিশাল বিভাগের গৌরনদী উপজেলায় সরকারি সফরে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর। সফরে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা বাটাজোর–সরিকল খালের তীরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে ২০০৩ সালে তিনি তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে গৌরনদী সফর করেন। সে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।

সেই সফরের স্মৃতিচারণ করে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ২০০৩ সালের সফর স্থানীয় জনগণকে খাল পুনঃখনন ও উন্নয়ন কর্মকাণ্ডে উৎসাহিত করেছিল। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এবারের সফরও এলাকার মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।

উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি শুরু করেছেন। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় সফর সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।