তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা, অনুমোদন পেয়েছে নতুন বিমানঘাঁটি।
স্টাফ রিপোর্টার: তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় একটি ড্রোন কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় ইতোমধ্যে একটি বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধবিমান এই ঘাঁটিতে সংযোজন করা হবে। এতে করে বগুড়ার কৌশলগত গুরুত্ব আরও বাড়বে।
নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, উন্নয়ন নিয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি বলেন, “নিজ এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি। তবে রাজনৈতিক কারণে এতদিন সেগুলো এমপিওভুক্ত হয়নি। এখন সেগুলো এমপিওভুক্ত করার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন বগুড়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও সীমিত ছিল। বর্তমান সরকার দেশের সব জেলার সমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বগুড়াকেও উন্নয়নের মূলধারায় নিয়ে আসার চেষ্টা চলছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বড় বাজেট বাস্তবায়নের পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।






